কক্সবাজারে মাতৃসেবা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গতকাল শনিবার দুই দিনব্যাপী মাতৃসেবা ও ফিস্টুলাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
সকালে সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান খান। শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ আমেরিকার প্রেসিডেন্ট কক্সবাজার মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং সম্মেলনের আহ্বায়ক ইফতিখার উদ্দিন মাহমুদ।
হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ আমেরিকা এবং ফিস্টুলা ফাউন্ডেশন আমেরিকার যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মাতৃসেবা ও প্রসবজনিত সমস্যা, ফিস্টুলার প্রতিকার, চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি সাতায়া দারাইস্বামী, আমেরিকার ফিস্টুলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাটেগ্রান্ট প্রমুখ।
সম্মেলনে দেশ-বিদেশের দুই শতাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সংগঠক, স্বাস্থ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অংশ নেন।
সম্মেলনের আহ্বায়ক ইফতিখার উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাতৃসেবা প্রসার ও সুনিশ্চিত করা এবং প্রসবজনিত ফিস্টুলা রোগের প্রতিকার ও প্রতিরোধই এই আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য।