কক্সবাজারে মাদকসেবীর সংখ্যা প্রায় ৮০ হাজার। এর মধ্যে প্রায় ৫০ হাজারই ইয়াবা ও হেরোইনে আসক্ত। প্রায় ২৪ লাখ মানুষের এই জেলায় ইয়াবা পাচার নিয়ন্ত্রণ না হওয়ায় আসক্তের সংখ্যা দ্রুত বাড়ছে।মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ‘নোঙর’র নির্বাহী পরিচালক দিদারুল আলম জানান, ২০০১ সাল থেকে নোঙর জেলার মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ করার পাশাপাশি মাদকবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত বছরের ডিসেম্বরে জরিপ চালিয়ে জেলায় প্রায় ৮০ হাজার মাদকসেবী পাওয়া গেছে। এর মধ্যে হেরোইন ও ইয়াবা আসক্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। ২০০৯ সালের জরিপে মাদকসেবীর সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, চাকরিজীবী, বেকার তরুণ-তরুণীরা মাদক গ্রহণ করছেন।দিদারুল আলম আরও জানান, কক্সবাজার শহর, টেকনাফ, মহেশখালী, উখিয়াসহ বিভিন্ন উপজেলায় প্রায় তিন হাজার পেশাজীবী নারী, গৃহবধূ, স্কুল-কলেজের ছাত্রী ইয়াবা আসক্ত। এঁদের মধ্যে ৩০ শতাংশ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। টেকনাফ থেকে অনেক নারী লুকিয়ে ইয়াবা নিয়ে আসেন কক্সবাজারে। এরপর কক্সবাজার থেকে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, সাবরাং, নয়াপাড়া, নাইটংপাড়া, নাজিরপাড়াসহ উখিয়া এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ৪০টি স্থান দিয়ে প্রতিদিন কয়েক কোটি টাকার ইয়াবা বাংলাদেশে ঢুকছে।সিগারেট প্যাকেট, পেঁপে, কাঁঠাল ও তরমুজের ভেতরে এবং মাছ ও মুরগির পেটে ভরে, মালামালের সঙ্গে লুকিয়ে সড়কপথে ইয়াবা পাচার হচ্ছে। অনেক বোরকা পরা নারী ও শিশুদের ইয়াবার বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, মিয়ানমারে তৈরি ইয়াবার ৮০ শতাংশই টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। গত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত তিন লাখ ইয়াবাসহ ৬০ জনের বেশি পাচারকারীকে গ্রেপ্তার করেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গত দুই মাসে পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ১৭ পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সাতজন নারী। নারীদের সংগঠন বিকশিত নারী নেটওয়ার্কের প্রধান শামীম আকতার জানান, উল্লেখযোগ্য সংখ্যক অভাবী নারী ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। ইয়াবা সহজলভ্য হওয়ায় আসক্তের সংখ্যা দ্রুত বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রায়ই অভিযান চালানো হচ্ছে। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, মাদকসেবীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পর্যটন ও সীমান্ত শহর হওয়ায় কক্সবাজার এইডসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এসব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।র্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলম বৃহস্পতিবার জানান, গত এক সপ্তাহে র্যাব ৬০ সহস্রাধিক ইয়াবাসহ ১৩ জনকে আটক করেছে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, মিয়ানমারে ইয়াবা তৈরির আটটির বেশি কারখানা রয়েছে। কারখানাগুলো বন্ধের জন্য আমরা মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকাকে অনুরোধ করেছি।