কক্সবাজারে মাদ্রাসা ও বৌদ্ধপল্লি পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল বুধবার কক্সবাজার শহরের দুটি বেসরকারি মহিলা মাদ্রাসা এবং রামুর বৌদ্ধপল্লি পরিদর্শন করেছেন।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসৈকত-সংলগ্ন ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার পরিদর্শনে যান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নুরী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর রাষ্ট্রদূত শিক্ষকের সঙ্গে মতবিনিময় করে শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রীদের খোঁজখবর নেন।
অধ্যক্ষ জাফর উল্লাহ নুরী প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে কাছে পেয়ে মাদ্রাসার প্রায় আড়াই হাজার ছাত্রী উৎফুল্ল।
বেলা সাড়ে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় যান। সেখানে তিনি শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কয়েকটি শ্রেণিতে পাঠদানও করেন। রাষ্ট্রদূত মাদ্রাসার ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ৪০ জন ছাত্রী ও এতিম ছাত্রীদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন।
মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করেন। আমরা বলেছি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে।’
বিকেলে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রামুর বৌদ্ধপল্লি পরিদর্শন করেন। বিকেল ৪টার দিকে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের তাঁর কাছে বিহারের সামগ্রিক চিত্র তুলে ধরেন।
বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধপল্লিতে বর্বর হামলার নিন্দা জানিয়েছেন।
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৯ সদস্যের প্রতিনিধিদলসহ মার্কিন রাষ্ট্রদূত গত সোমবার বিকেলে কক্সবাজার আসেন। সেদিন তিনি শহরের বাহারছড়া এলাকায় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরসি) কার্যালয়ে যান। পরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ও নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে জাগো ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান শেষে তাঁর ঢাকার ফেরার কথা রয়েছে।