কক্সবাজারে মানব পাচারবিরোধী রোড মার্চ আজ
মানব পাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে আজ শনিবার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ‘রোড মার্চ’ হবে। এই কর্মসূচি আয়োজন করছে কক্সবাজার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)।
‘মানব পাচারের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলুন, পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার চাই’—এই স্লোগানে আজ সকাল নয়টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টেকনাফ অভিমুখে রোড মার্চ শুরু হবে।
৯৪ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ সড়কের পথে পথে মানব পাচারবিরোধী সভা করবেন রোর্ড মার্চে অংশগ্রহণকারীরা।
এসব সভায় বক্তব্য দেবেন আসকের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, আসকের পরিচালক (তদন্ত) মো. নূর খান, ক্যারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী হারুন অর রশিদ, বিলস এর সুলতান উদ্দীন আহমদসহ বিশিষ্টজনেরা।
আয়োজক সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্য উচ্চবিদ্যালয়, কোর্টবাজার বাসস্টেশন, উখিয়া ডিগ্রি কলেজ, নয়াবাজার উচ্চবিদ্যালয়, নীলা বাসস্টেশন, টেকনাফ পৌরসভার বাসস্টেশনে পথসভা করা হবে।
আসকের পরিচালক নূর খান জানান, কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। এ পর্যন্ত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমারসহ বিভিন্ন দেশের কারাগারে পাঁচ হাজারের বেশি অভিবাসী বন্দী রয়েছেন। মানব পাচার রোধে সচেতনতা এবং দালালদের আইনের আওতায় আনতে এই রোড মার্চ।
এইচআরডিএফ কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর জানান, সমুদ্রপথে পাচারের ঘটনায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার, নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ, মানব পাচার প্রতিরোধ আইন ২০১২-এর বিধিমালা প্রণয়ন, পাচারকারী দালাল ও তাদের গডফাদারদের আইনের আওতায় আনা, মানবপাচার প্রতিরোধে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাসহ সাত দফা দাবিতে এই রোড মার্চ পালন করা হবে।