কক্সবাজারে মাহমুদুর রহমানের সম্মানে ভোজসভায় সংঘর্ষ
কক্সবাজার শহরের একটি রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার দুপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সম্মানে আয়োজিত ভোজসভায় কক্সবাজার জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১১ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, একটি মানহানির মামলায় হাজিরা দিতে গত সোমবার কক্সবাজারে যান মাহমুদুর রহমান। গতকাল সকালে তিনি আদালতে হাজিরা দেন। দুপুরে তাঁর সম্মানে পর্যটন করপোরেশনের মোটেল শৈবালের রেস্তোরাঁয় ভোজের আয়োজন করেন জেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামিম আরা।দুপুরে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলী, স্থানীয় বিএনপির সাংসদ লুত্ফুর রহমান, শাহজাহান চৌধুরী, শামিম আরাসহ কয়েকজন একটি টেবিলে খেতে বসেন। এর পরপরই স্থানীয় ছাত্রদল ও যুবদলের একদল কর্মী রেস্তোরাঁয় এসে খাবার চেয়ে হইচই শুরু করেন। এ সময় বিএনপির সমর্থক সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসিমা বকুল ও পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম তাঁদের বের করে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে মাহমুদুর রহমানসহ বাকি অতিথিদের মোটেল থেকে বিমানবন্দরে নিয়ে যান সাংসদ লুত্ফুর রহমান ও শাহজাহান চৌধুরী। দুপুর দুইটায় মাহমুদুর রহমান বিমানে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১১ জন নেতা-কর্মী আহত হন।প্রধানমন্ত্রীর ঠ্যাঙ্গানে বাহিনীকে ভয় পাই না: এর আগে সোমবার রাতে কক্সবাজার প্রেসক্লাবে বিএনপির সমর্থক সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নির্যাতনবিরোধী সাংবাদিক সমাবেশে বক্তৃতা করেন মাহমুদুর রহমান। সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরা সাংবাদিকদের কলম কেড়ে নিতে চাইছে। কিন্তু কোনো দিন সফল হবে না। আমি লড়াইয়ের ময়দান থেকে একটুও পিছপা হব না।’ মাহমুদুর রহমান বলেন, ‘আমি ঢাকার রাস্তায় একাই চলাচল করি। এতে অনেকে অবাক হন। নিষেধও করেন অনেকে। কিন্তু আমি প্রধানমন্ত্রীর ঠ্যাঙ্গানে বাহিনীকে ভয় পাই না।’সাংবাদিক আতাহার ইকবালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপির সাংসদ লুত্ফুর রহমান কাজল, খালেদা জিয়ার প্রেস-সচিব মারুফ কামাল খান, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।