কক্সবাজারে মেগা বিচ কার্নিভাল শুরু
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভাল’। আনন্দ উৎসবে মাতোয়ারা লাখো পর্যটক বিকেলে সৈকতে দাঁড়িয়ে বিদায় জানান বছরের শেষ সূর্যকে।
সকাল সাড়ে ১০টায় প্রায় দুই হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে সৈকতের লাবণী পয়েন্টে নামে। এরপর সেখানে তৈরি মুক্তমঞ্চে ৩৫ মিনিটের ‘সম্প্রীতির বাংলাদেশ’ প্রদর্শনী করে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির চার শতাধিক শিক্ষার্থী। দুপুর ১২টা ৪০ মিনিটের বেলুন ও কবুতর উড়িয়ে কার্নিভালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, কক্সবাজার সৈকতকে বিশ্বের কাছে তুলে ধরতে এই আয়োজন। বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে চলেছে। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিতে ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা দেওয়া হয়েছে। বিদেশি পর্যটক টানতে প্রতিবছর এই বিচ কার্নিভাল হবে।
কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার বিশ্বের এই দীর্ঘতম সমুদ্রসৈকত ভ্রমণে আসার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান আখতারুজ্জামান খান।
সন্ধ্যা পর্যন্ত মঞ্চে চলে রাখাইন তরুণীদের নৃত্যগীত, জেমস, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, মকসুদসহ বিভিন্ন শিল্পীর গান। বালুচরে বসে ঘুড়ি ওড়ানো উৎসব, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বালু ভাস্কর্য প্রদর্শনী, বলীখেলা, সার্ফিং, প্যারাসেইলিং, ফানুস ওড়ানো ও ডিজে শো। বিপুলসংখ্যক পর্যটক ঘুরেফিরে এসব উপভোগ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈকতে বিশাল ব্যানারে মানববন্ধন রচনা করে মাদককে ‘না’ বলতে পর্যটকদের উৎসাহিত করে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন ও বিচ ম্যানেজম্যান্ট কমিটির যৌথ আয়োজনে এই মেগা বিচ কর্নিভাল। সার্বিক ব্যবস্থায় রয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।