কক্সবাজারে যক্ষ্মারোগে আক্রান্ত মানুষের মৃত্যুহার বেড়েই চলেছে। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও অনিয়ন্ত্রিত চলাচল যক্ষ্মার প্রাদুর্ভাবের অন্যতম কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মত দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আট উপজেলায় প্রতিবছর গড়ে আড়াই হাজার শিশু ও পুরুষ (নারীর সংখ্যা কম) যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। এর মধ্যে মারা যাচ্ছে গড়ে ২০০ জন, সরকারি হিসাবে ১১০ জন। দিনমজুর শ্রেণীর পুরুষেরাই যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে বেশি। কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, জেলার আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক সেন্টারে প্রতিদিন এ রোগে আক্রান্তদের কফ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে নাটাবের (জাতীয় যক্ষ্মানিরোধ সমিতি) মাধ্যমে সব পেশার মানুষের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, জেলার আটটি ব্র্যাক সেন্টার ও একটি সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ২০০৯ সালে যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে মারা গেছে ১২০ জন। ২০০৮ সালে ১০১, ২০০৭ সালে ৭৭ ও ২০০৬ সালে ৬৩ জন মারা গেছে। এর মধ্যে ৮০ শতাংশই পুরুষ। ব্র্যাক কক্সবাজার জেলা স্বাস্থ্য কর্মসূচি ব্যবস্থাপক আশীষ কুমার ব্যানার্জি জানান, তাঁরা জেলার আটটি উপজেলায় এক বছরে গড়ে এক হাজার ৮০০ রোগীকে বিনামূল্যে সেবা ও ওষুধ দিয়ে সুস্থ করে তুলছেন। তিনি আরও জানান, মিয়ানমারে যক্ষ্মা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেই। নাটাবের জেলা সভাপতি কামরুল হাসান জানান, জেলার প্রায় সাত হাজার মাছ ধরার ট্রলারে এক লাখেরও বেশি জেলে শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা বেশি।