কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজার সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে গতকাল বৃহস্পতিবার এক কেজি ৯২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়।কক্সবাজারে ১৭ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর এম এ রাকিব জানান, সদর উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছমুদাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৯২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামের বাসিন্দা মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় ৪০ লাখ টাকা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। হেরোইন পাচারে জড়িত অন্যদের গ্রেপ্তারে অনুসন্ধান চলছে।বিজিবি সূত্র জানায়, হেরোইন পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে ঢাকা থেকে টেকনাফগামী বাসে করে মাদকদ্রব্য পরিবহন করছে। ওই রুটের একটি বাসে ২ ফেব্রুয়ারি তল্লাশি চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মো. রবিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।