কক্সবাজারে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় জসিম উদ্দিন (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।নিহত জসিম উদ্দিন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া গ্রামের মোহাম্মদ আকবরের ছেলে। পরিবারের দাবি, পূর্ববিরোধের জের ধরে জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জসিমের চাচা রামুর রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও রশিদনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ভারুয়াখালী উচ্চবিদ্যালয় মাঠ থেকে ফুটবল খেলা দেখে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন জসিম। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁদের বাইকটি পানিরছড়া-ভারুয়াখালী সড়কের ঘোনারপাড়া এলাকায় পৌঁছালে একই গ্রামের নাজির হোসেনের ছেলে ফজল হক (২৭) ও কালা পুতুর (২২) নেতৃত্বে ৮-১০ জন দুর্বৃত্ত জসিমের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ইজিবাইকের গতি রোধ করে জসিমকে এলোপাতাড়ি কোপায় এবং তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা জসিমের বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় ইজিবাইকের চালক আবদুল খালেক, আরোহী মৌলানা আবদুল হক হাক্কানি ও পথচারী ছিদ্দিক আহমদ আহত হন। তাঁদের মধ্যে পথচারী ছিদ্দিক আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শামসুল আলম অভিযোগ করেন, গত রমজান মাসে ফজল হকের চাচাতো ভাই আবদুর রহিমের সঙ্গে জসিমের তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে তাঁরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। এএসপি সার্কেল (কক্সবাজার সদর) তোফায়েল আহম্মদ ও কক্সবাজার মডেল থানার ওসি বদরুল আলম তালুকদার গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কারা খুন করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই গ্রামের কিছু লোকের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।