কক্সবাজারে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় যৌতুকের জন্য তানজিনা আকতার শিরিন নামের এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিরিন আক্তার স্বামী নাসির উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাহারছড়া এলাকার জাগির হোছনের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে একই এলাকার আবুল মঞ্জুরের মেয়ে শিরিনের বিয়ে হয় ২০০৯ সালের জানুয়ারি মাসে। নাসির কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতের তৃতীয় শ্রেণীর কর্মচারী (স্টেনোগ্রাফার)। বিয়ের পর নাসির ছয় লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে নিয়ে আসেননি। মাস ছয়েক আগে ওই টাকা দেওয়ার পর শিরিনকে বাড়িতে নিয়ে আসেন তাঁর স্বামী।শিরিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, স্বামীর বাড়িতে আসার পর আবার দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য স্বামী তাঁকে চাপ দিতে শুরু করেন। একপর্যায়ে তিনি বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দেন। তাতেও সন্তুষ্ট না হয়ে তাঁর পাঁচ ভরি ওজনের স্বর্ণের গয়না বিক্রি করে দেন স্বামী। কিন্তু কিছু দিন যেতে না যেতে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য নাসির আবার চাপ দিতে শুরু করেন। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলে শুরু হয় তাঁর ওপর নির্যাতন। মাঝেমধ্যে তাঁর স্বামী গভীর রাতে মদ্যপ অবস্থায় ঘরে ফিরে তাঁকে মারধর করতেন। গত বুধবার তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন নাসির। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। এরপর বাবার বাড়ি চলে আসেন।শিরিনের বাবা আবুল মঞ্জুর প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি মুখ্য বিচারিক হাকিম আদালতকে অবগত করেছেন। এরপর থানায় মামলা করার পর থেকে নাসির উদ্দিন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, নাসিরসহ আসামিরা সবাই আত্মগোপন করেছেন। তবে পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।