কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব
কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন পল্লিতে গতকাল রোববার থেকে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী ‘সাংগ্রাই পোয়ে’ উৎসব। জল দিয়ে শরীর ভিজিয়ে আনন্দ এই উৎসব ‘জলকেলি’ নামেও পরিচিত।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং বলেন, রাখাইন অব্দের নতুন ১৩৭৮ সালকে বরণ এবং পুরোনো ১৩৭৭ সালকে বিদায় জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে ভেদাভেদ ভুলে সব মানুষের মঙ্গল কামনা করা, মানুষকে ভালোবাসা। ১৭ এপ্রিল থেকে শুরু হয় রাখাইন অব্দের নতুন বছর।
গতকাল বিকেলে শহরের টেকপাড়া রাখাইনপল্লিতে গিয়ে দেখা যায়, রাখাইন তরুণ-তরুণীরা বাদ্যযন্ত্রের সঙ্গে নেচেগেয়ে সড়কে আনন্দ মিছিল ও উল্লাস করছেন। প্রত্যেকের হাতে জলভর্তি পাত্র। সামনে যাঁকেই পাচ্ছেন জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছেন তার শরীর।
সবুজ পাতা, রংবেরঙের ফুল আর বেলুন দিয়ে সজ্জিত মণ্ডপে ঐতিহ্যবাহী পোশাকে রাখাইন তরুণীরা অপেক্ষায় থাকেন তরুণের জন্য। তরুণেরা বিভিন্ন পল্লি থেকে নেচেগেয়ে মণ্ডপে আসেন। তারপর অপেক্ষারত তরুণীর সামনে এসে দাঁড়ান। তরুণীদের সামনে (মণ্ডপে) আগে থেকেই কাঠের নৌকা কিংবা ড্রামে পানি ভরে রাখা হয়। তরুণদের হাতে হাতে থাকে পানিভর্তি বালতি অথবা জগ। এরপর তরুণেরা পছন্দের পাত্রীকে লক্ষ্য করে জল ছুড়ে মারেন। তরুণীর পছন্দ হলে তরুণের প্রতি পাল্টা জল ছুড়ে সম্মতি জানান।
রাখাইন তরুণী ম্য ম্যা চিং বলেন, ‘জলকেলির জন্য আমরা সারাটি বছর অপেক্ষায় থাকি। ঐতিহ্যবাহী পোশাকে আমরা মণ্ডপে মণ্ডপে তরুণদের জন্য অপেক্ষা করি। তারপর একে অপরের প্রতি পবিত্র জল ছুড়ে আনন্দ মেতে ওঠি। নতুন বছর যেন সবার ভালো ও সুন্দরভাবে কাটে—তার জন্য প্রার্থনা করি।’