কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু
কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী ‘জলকেলি’ উৎসব গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে। রাখাইন তরুণ-তরুণীরা মণ্ডপে একে অপরের প্রতি মঙ্গলজল ছিটিয়ে আনন্দ উল্লাস মেতে ওঠেন। রাখাইন অব্দ (মগী সন) ১৩৭৬কে বিদায় এবং নতুন অব্দ ১৩৭৭কে বরণ করে নিতেই রাখাইনেরা এ উৎসব পালন করে।
গতকাল বিকেলে শহরের টেকপাড়া রাখাইনপল্লি ঘুরে দেখা গেছে, মণ্ডপের ভেতরে প্লাস্টিকের ড্রামে পানি ভর্তি করে তরুণীরা দাঁড়িয়ে তরুণদের জন্য অপেক্ষা করছেন। একটু পরে ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে তরুণেরা মণ্ডপে প্রবেশ করে তরুণীদের সামনে দাঁড়ান। তরুণদের প্রত্যেকের হাতে পানিভর্তি বালতি আর একটি করে মগ। পরে পছন্দের পাত্রীকে বেছে নিয়ে তরুণেরা পানি ছিঁটাতে থাকেন। জবাবে তরুণীও ওই তরুণকে লক্ষ্য করে পানি ছুড়ে মারেন। এভাবে জোড়ায় জোড়ায় চলে পানি দিয়ে শরীর ভিজিয়ে দেওয়ার ‘জলকেলি’ উৎসব।
রাখাইন তরুণী ম্য মা চিং বলেন, ‘মঙ্গলজল ছিটিয়ে পছন্দের মানুষটির শরীর ভিজিয়ে দেওয়ার মধ্যে আনন্দ অনেক।
সারা বছর ধরে আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। অনেকে জলকেলিকে পাত্র নির্বাচনের উপলক্ষ মনে করলেও আসলে কিন্তু তা না। পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতেই এই উৎসব।’
কক্সবাজার শহর ছাড়াও মহেশখালী, খুরুশকুল, চৌফলদন্ডি, রামু, চকরিয়া, হারবাং, টেকনাফসহ বিভিন্ন এলাকার রাখাইনপল্লিতে জেলকেলি উৎসব চলছে।
রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি উ চিন মং হ্লা জানান, রাখাইন বর্ষপঞ্জিকা অনুযায়ী ১৩৭৬ মগীসন বা রাখাইন বর্ষ শেষ হয়েছে গত ১৬ এপ্রিল। ১৭ এপ্রিল থেকে শুরু নববর্ষ ১৩৭৭ সন। আগামী রোববার সন্ধ্যায় এই উৎসব শেষ হবে।