কক্সবাজারে রাখাইনদের বর্ষবরণ উৎসব শুরু
কক্সবাজারের বিভিন্ন স্থানে গতকাল বুধবার থেকে রাখাইনদের তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। এ উৎসবের প্রথম দিন রাখাইন তরুণ-তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটান। কক্সবাজারের বৌদ্ধমন্দির সড়কে গতকাল বেলা আড়াইটায় একটি প্যান্ডেলে উৎসব কর্মসূচি উদ্বোধন করেন নারী সাংসদ এথিন রাখাইন।বেসরকারি সংস্থা রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এখানে উৎসবের আয়োজন করে। এতে জেলা প্রশাসক রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংগ্রাই হচ্ছে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। বাংলা নববর্ষের তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল শুরু হয় রাখাইন বছরের নতুন দিন। তাই এই আদিবাসী গোষ্ঠীর লোকজন নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে এই উৎসবে মেতে ওঠেন।