কক্সবাজারে রাখাইনদের সাংগ্রাংই উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে রাখাইন তরুণ-তরুণীদের মঙ্গলজল ছিটিয়ে শরীর ভিজিয়ে দেওয়ার তিন দিনব্যাপী সাংগ্রাংই পোয়ে উৎসব।
গতকাল বেলা আড়াইটায় শহরের টেকপাড়া, বড়বাজার, বার্মিজ স্কুল সড়ক এলাকার পাঁচটি মণ্ডপ ঘুরে দেখা গেছে, রাখাইন তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে (থামি-ব্লাউজ) সেজে তরুণদের জন্য মণ্ডপে অপেক্ষা করছেন।
বিভিন্ন পল্লি থেকে নাচগান আর ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করতে করতে তরুণেরা মণ্ডপে প্রবেশ করেন এবং অপেক্ষমাণ তরুণীদের সামনে গিয়ে দাঁড়ান। এরপর তরুণেরা বসে দাঁড়িয়ে থাকা তরুণীদের মধ্য থেকে পছন্দের একজনকে বেছে নিয়ে জলকেলিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তরুণীর পছন্দ হলে দাঁড়িয়ে জল ছুড়ে ওই তরুণের ডাকে সাড়া দেন।
এভাবে দীর্ঘক্ষণ চলে জল দিয়ে শরীর ভেজানোর উৎসব। জলকেলির জন্য মণ্ডপে আগে থেকে কাঠের নৌকা অথবা বড় ড্রামে জলভর্তি করে রাখা হয়।
টেকপাড়ার একটি মণ্ডপে দেখা মেলে সাতজন বিদেশি পর্যটকের, যাঁদের মধ্যে পাঁচজন নারী। তাঁরা রাখাইনদের সঙ্গে নাচগানে অংশ নেন।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি উ মং ছেন হ্লা বলেন, শহর ছাড়াও টেকনাফ, উখিয়া, মহেশখালী, রামু, চৌফলদণ্ডী, চকরিয়া, হারবাংসহ জেলার বিভিন্ন স্থানের অন্তত ৪০টি মণ্ডপে জলকেলি উৎসব চলছে। উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার মণ্ডপের সংখ্যা আরও বাড়তে পারে।
সমাপনী দিনে জলকেলি ছাড়াও বৌদ্ধবিহারে গিয়ে সমবেত প্রার্থনার মাধ্যমে রাখাইনরা সবার মঙ্গল কামনা করবেন।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং বলেন, রাখাইন অব্দের ১৩৭৫-কে বিদায় এবং নতুন ১৩৭৬-কে বরণ করে নিতেই মূলত এই সাংগ্রাংই পোয়ে উৎসব।
কলেজছাত্রী মা থিন থিন রাখাইন বলেন, জলকেলি উৎসবের মাধ্যমে অনেকে পছন্দের বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। যদিও ধর্মীয় রীতিতে এর কোনো স্বীকৃতি নেই।