কক্সবাজারে রাখাইনদের 'সাংগ্রাং' উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরে গতকাল থেকে শুরু হওয়া সাংগ্রাং উৎসবে জলকেলিতে মেতেছেন রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। শহরের একটি মণ্ডপ থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার শহরে গতকাল থেকে শুরু হওয়া সাংগ্রাং উৎসবে জলকেলিতে মেতেছেন রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। শহরের একটি মণ্ডপ থেকে গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে কক্সবাজারে রাখাইনদের তিন দিনব্যাপী ‘সাংগ্রাং’ উৎসব শুরু হয়েছে। উৎসব ঘিরে গতকাল সোমবার সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন বিহারে প্রার্থনা সভার আয়োজন করে রাখাইন সম্প্রদায়ের মানুষেরা। ‘সাংগ্রাং’ রাখাইনদের সবচেয়ে বড় সামাজিক উৎসব।
শহরের বৌদ্ধমন্দির সড়কের একটি মণ্ডপে গতকাল দুপুরে সাংগ্রাং (জলকেলি) উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, পঞ্জিকা অনুযায়ী গত রোববার রাত ১২টায় ১৩৭৮ রাখাইন অব্দ শেষ হয়েছে। নতুন ১৩৭৯ অব্দ শুরু হয়েছে সোমবার। বর্ষবরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে রাখাইন সম্প্রদায়ের লোকজন সাংগ্রাং (জলকেলি) উৎসবে মেতে উঠেছে। ১৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত জেলার অন্তত ৪০টি মণ্ডপে এই উৎসব চলবে।
প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর ১৭ এপ্রিল থেকে কক্সবাজারের রাখাইনদের জলকেলি উৎসব শুরু হয়। গতকাল দুপুরে বৌদ্ধমন্দির সড়কের ওই মণ্ডপে গিয়ে দেখা যায়, বিশেষ পোশাকে সজ্জিত রাখাইন তরুণীরা জলকেলিতে মেতে উঠেছেন। রঙিন ফুল, বেলুন ও পত্রপল্লব দিয়ে সাজানো মণ্ডপের মাঝখানে রাখা হয়েছে জলভর্তি ড্রাম।
উৎসবে আসা রাখাইন তরুণীরা বলেন, সাংগ্রাং উৎসবে পাত্রী নির্বাচনের দায়িত্ব থাকে পুরুষের ওপর। তরুণেরা আহ্বান করলে তরুণীরা সাড়া দিতে পারেন। তরুণ-তরুণীদের মধ্যে পরস্পর পরস্পরের প্রতি জল ছুড়ে মারার এই উৎসবকে অনেকে জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ হিসেবে গ্রহণ করেন।
জলকেলিতে অংশ নেওয়া শহরের টেকপাড়ার কলেজছাত্রী মালা মে রাখাইন বলেন, জলকেলির জন্য তাঁরা সারা বছর অধীর আগ্রহে থাকেন। যুগ যুগ ধরে এই এই রীতি চলে আসছে।
কলেজছাত্র মং হ্লা চিং রাখাইন জানান, এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়া, আত্মীয়-অনাত্মীয়, ধনী-গরিব একসঙ্গে মিলিত হয়ে সুখ-শান্তি কামনা করা। পুরোনো বছরের পাপ-পঙ্কিলতাকে ভুলে নতুন বছরকে বরণ করতেই এই উৎসব।
রাখাইন নেতারা জানান, কক্সবাজার শহরের টেকপাড়া, চাউলবাজার, বড়বাজার, বৌদ্ধমন্দির সড়ক, টেকনাফের নীলা, চৌধুরীপাড়া, কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী, চকরিয়ার হারবাং, মহেশখালীর গোরকঘাটা, রামুসহ জেলার বিভিন্ন উপজেলায় ৪০টির বেশি মণ্ডপে সাংগ্রাং উৎসব চলছে। ভ্রমণে আসা পর্যটকসহ বিপুলসংখ্যক বাঙালি এ উৎসব উপভোগ করছেন।
কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাং উৎসব সুন্দর ও শান্তিভাবে পালনের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটা মণ্ডপে পুলিশের টহল রাখা হয়েছে।