কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কেউ মারা গেলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে। এ জন্য সমুদ্রসৈকতের উন্নয়নসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা চাই, এই সমুদ্রসৈকত দেশি-বিদেশি পর্যটকদের কাছে নিরাপদ ভ্রমণের তীর্থস্থান হয়ে উঠুক। আমরা আর কোনো পর্যটকের মৃত্যুর খবর শুনতে চাই না।
গত শুক্রবার রাতে কক্সবাজার শহরের পর্যটন মোটেল শৈবালের সম্নেলনকক্ষে অনুষ্ঠিত ‘কক্সবাজার সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটি’র বিশেষ সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৪ এপ্রিল সেন্ট মার্টিন সৈকতে ঢাকার সাতজন ছাত্রের মৃত্যুর পর সরকারের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। যখন দুর্ঘটনা ঘটে দায়দায়িত্ব তখন সরকারের হয়ে যায়—মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, তাই এ জন্য স্থানীয় প্রশাসনকেও জবাবদিহি করতে হবে। এই সমুদ্রসৈকত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ‘সৈকত ব্যবস্থাপনা কমিটি’কে প্রয়োজনে ঢেলে সাজাতে হবে।
গত ১৩ বছরে এই সৈকতে গোসলে নেমে ৮৫ জন পর্যটকের মৃত্যু হলেও এখন পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের কোথাও নিরাপদ গোসলের ব্যবস্থা করা যায়নি।