কক্সবাজারে রাস উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়ায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। টানা ৪৪ বছর ধরে চলে আসা এই উৎসবে লাখো মানুষের সমাগম ঘটে। গতকাল সোমবার বিকেলে চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার বলেন, খুরুশকুলের সর্বজনীন এই রাস উৎসবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সম্প্রদায়ের লাখো মানুষের সমাগম প্রমাণ করে কক্সবাজার হচ্ছে সম্প্রীতির মিলনকেন্দ্র।
খুরুশকুল সর্বজনীন রাস উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রণজিৎ দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ।
রাস উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, এবার ৪৪তম উৎসব পালন করছেন তাঁরা। ২৬ নভেম্বর রাতে উৎসব শেষ হবে।