কক্সবাজারে রোহিঙ্গা শুমারি শুরু
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় গতকাল মঙ্গলবার থেকে রোহিঙ্গা শুমারি শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সম্প্রতি কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকাভুক্ত করতে সরকার শুমারির উদ্যোগ নেয়। শুমারির কাজটি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জেলার আট উপজেলার মধ্যে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু ও চকরিয়ায় রোহিঙ্গা গণনা করা হবে। গতকাল দুই উপজেলায় গণনার কাজ শুরু হলেও আজ বুধবার থেকে পাঁচ উপজেলায় শুমারির কাজ চলবে।
পরিসংখ্যান ব্যুরোর কক্সবাজারের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল উখিয়া উপজেলার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ও টেকনাফের হোয়াইক্যং গ্রামে রোহিঙ্গা গণনার কাজ চালানো হয়। তবে কতটি রোহিঙ্গা পরিবার গণনা করা হয়েছে, তা বলতে রাজি হননি তিনি।
সূত্র জানায়, শুমারি চলবে ১০ মার্চ পর্যন্ত। ২০০টি দল এই গণনার কাজ করবে। প্রতিটি দলে আছেন একজন সুপারভাইজার ও একজন গণনাকারী।
গতকাল বেলা ১১টার দিকে উখিয়া কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরের আমতলী এলাকায় দেখা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের তালিকাভুক্ত করছেন গণনাকারী ফাতেমা বেগম।
ফাতেমা বেগম বলেন, তিনি তিন ঘণ্টায় অর্ধশতাধিক রোহিঙ্গার নাম-ঠিকানা তালিকাভুক্ত করেছেন।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, এই শিবিরে অবস্থান করছে নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা।
উখিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির বলেন, ২০১৬ সালের ২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রোহিঙ্গা শুমারি করা হয়েছিল। ওই সময় যারা বাদ পড়েছিল, এবারের শুমারিতে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।
উখিয়া উপজেলা রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে রোহিঙ্গা শুমারি হয়েছিল। কিন্তু এখনো ওই শুমারির ফলাফল ঘোষণা করা হয়নি। তিনি বলেন, কুতুপালং ও বালুখালী শিবিরে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তাদের অনেকে অন্যত্র চলে যাচ্ছে। এই অবস্থায় রোহিঙ্গা শুমারি প্রশ্নবিদ্ধ হবে। গণনার আগে রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা উচিত।