কক্সবাজারে লাইটহাউস পাহাড় থেকে ৩৫ বাড়ি উচ্ছেদ
কক্সবাজার শহরের লাইটহাউস পাহাড়ে গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৩৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে। এ সময় প্রায় ৫০ একর পাহাড়ি বনভূমি দখলমুক্ত করা হয়।
শহরের কলাতলী, আদর্শগ্রাম, হিলটপ সার্কিট হাউস পাহাড়সহ আরও ১৩টি উঁচু পাহাড় কেটে ইতিমধ্যে তৈরি করা হয়েছে আরও ১০ হাজারের বেশি অবৈধ ঘরবাড়ি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসান ছিদ্দিকের নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের বাইপাস সড়কের লাইটহাউস পাহাড়ে যৌথ অভিযান শুরু করেন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, সদর মডেল থানার এসআই মনিরুল ইসলাম প্রমুখ।
বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী এই অভিযানে বিশাল পাহাড় কেটে তৈরি করা ৩৫টি ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
ঘটনাস্থল থেকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযান শুরুর আগেই ঘরবাড়ির লোকজন আত্মগোপন করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এরা সবাই মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি উঁচু পাহাড় দখলে রাখার জন্য ঝুপড়িঘর তৈরি করে রোহিঙ্গাদের থাকতে দিয়েছেন। উদ্দেশ্য, পরে রোহিঙ্গাদের বিদায় করে ওই ভূমি চড়া মূল্যে বিক্রি করে লাভবান হওয়া।
ভূমিদস্যু ওই প্রভাবশালীদের নাম সংগ্রহ করা হচ্ছে। অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসান ছিদ্দিক বলেন, পাহাড় কাটা রোধকল্পে এই যৌথ অভিযান চালানো হয়েছে। গতকাল একটি পাহাড় থেকে ৩৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করে প্রায় ৫০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। অন্যান্য পাহাড়ের ঘরবাড়িও দ্রুত উচ্ছেদ করা হবে।