কক্সবাজারে শান্তিপূর্ণ ভোট

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কক্সবাজার সদর উপজেলার চারটি ও রামুর পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে দুপুরের পর থেকে বহু কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে।
কক্সবাজার সদর: সকাল নয়টায় কক্সবাজার শহর থেকে আট কিলোমিটার দূরে খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি। ভোটার শিউলী বালা (৪০) বলেন, ‘সকাল সাড়ে সাতটার সময় আমরা লাইনে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত ভোট দিতে পারিনি।’
এই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পার্থ সারথী দাশ বলেন, কেন্দ্রের একটি বুথের ৩৯৩ জন ভোটারের মধ্যে এক ঘণ্টায় প্রায় ১০০ জন ভোট দিয়েছেন।
সকাল ১০টার দিকে খুরুশকুল পুরাতন ইউপি কেন্দ্রে গিয়ে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
দুপুর ১২টায় খুরুশকুল গণস্বাস্থ্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই শতাধিক নারী ও পুরুষ ভোটার পৃথক লাইনে দাঁড়িয়ে আছেন।
কেন্দ্রে গিয়ে কথা হয় মি ম্রাউ (৪০) নামের একজন ভোটারের সঙ্গে। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভোট দিয়েছেন। এখন পরিবারের অন্য তিনজন ভোটারের জন্য অপেক্ষা করছেন।
ভোট দেওয়ার পর উ খ্য মং বলেন, সুষ্ঠুভাবে ভোট হওয়ায় তাঁরা খুশি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হাসান মাহমুদ চৌধুরী বলেন, কেন্দ্রের ভোটার ২ হাজার ৪০৫টি। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ জন ভোটার ভোট দিয়েছেন। দুপুর সাড়ে ১২টায় আবার খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ভোটারশূন্য।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাজীব কান্তি শর্মা বলেন, দুপুরে হঠাৎ করে কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। তখন পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৮৮টি। কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৯৭৭। তিনি বলেন, বিকেলে ভোটারের উপস্থিতি বাড়তে পারে।
একই সময় খুরুশকুল উচ্চবিদ্যালয় কেন্দ্র, খুরুশকুল পুরাতন ইউপি কেন্দ্র, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও ভোটারবিহীন দেখা যায়।
বেলা তিনটার দিকে ঝিলংজা ইউনিয়নের জান্নাতুল মাওয়া ইবতেদায়ি মাদ্রাসা, লারপাড়া সরকারি প্রাথমিক ও মুহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও ফাঁকা দেখা যায়। এসব কেন্দ্রে সকালে ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক।

বেলা সাড়ে ১১টার দিকে ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থী শহিদুল ইসলাম ও জাকের হোসেনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহিদুলের ছোট ভাই আবদুল হামিদ আহত হন।
জাল ভোট দেওয়ার অভিযোগে ইউনিয়নের ঝিরঝিরপাড়া, লারপাড়া ও হাজীপাড়ার তিনটি কেন্দ্র থেকে সাত ব্যক্তিকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ছিল।
রামু: নির্বাচন ঘিরে শুক্রবার রাত ১২টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
তৈয়ব উল্লাহ চৌধুরীর দাবি, দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সন্ত্রাসীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে এ হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিকাটা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। এ সময় লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ভোটাররা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। বেলা একটার দিকে আবার ভোট গ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি ছিল কম।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এই উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৫টি কেন্দ্রের মধ্যে সব কটিতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।