কক্সবাজারে শামুক-ঝিনুক আহরণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্রসৈকতের প্রায় ১০০ কিলোমিটার বালুচরে শামুক-ঝিনুক আহরণ চলছেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার সৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ করা সত্ত্বেও তা মানা হচ্ছে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু অজস্র শামুক-ঝিনুক আহরণ করছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সমুদ্রসৈকতে বেশ কিছুদিন ধরে শত শত টন শামুক-ঝিনুক আহরণ চলছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি কয়েক হাজার অভাবী মানুষকে দিয়ে বালুচর থেকে শামুক-ঝিনুক আহরণ করাচ্ছেন। এসব শামুক-ঝিনুক মুরগি ও মাছের খামারে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য ট্রাক ও কার্গোতে করে সারা দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর), পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মাঝেমধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ করলেও আহরণ বন্ধ করা যাচ্ছে না। এসব শামুক-ঝিনুক বস্তায় ভরে সৈকতের ঝাউবাগান ও বালুচরে মজুদ করা হয়। পরে তা নৌপথে ট্রলার ও সড়কপথে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।সম্প্রতি নাজিরারটেক, কলাতলী, বড়ছড়া, ইনানী, পাটোয়ারটেক, মনখালী, শীলখালী, বড়ডেইল, জাহাজপুরা, সাবরাং, শাহপরীর দ্বীপ, বদরমোকামের সৈকতে ঘুরে স্থানীয় গরিব মানুষকে প্রচুর শামুক-ঝিনুক আহরণ করতে দেখা গেছে। উখিয়া উপকূলের ঝাউবাগানে ৪০টির বেশি স্থানে আহরিত শামুক-ঝিনুকের মজুদ দেখা যায়। উখিয়ার পাটোয়ারটেকের বাসিন্দা শামসুল আলম (৪৮), মনখালীর দিনমজুর কালা মিয়া (২৩) ও টেকনাফের বাহারছড়ার জেলে সৈয়দ আমিন (৫৬) জানান, বেশ কয়েক বছর ধরে বালুচর থেকে শামুক-ঝিনুক আহরণ করে তাঁরা জীবিকা চালাচ্ছেন। এসব কুড়াতে কখনো কেউ তাঁদের নিষেধ করেনি। মাছ ও মুরগির খাবার হিসেবে এসব ব্যবহূত হচ্ছে। সারা দেশে এই খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় সৈকতে আহরণের পরিমাণও বেড়েছে। উখিয়ার ইনানী গ্রামের দিনমজুর কবির আহমদ (৪৫) জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকত থেকে একজন সর্বোচ্চ ২৫ কেজি পর্যন্ত শামুক-ঝিনুক কুড়াতে পারে। প্রতি কেজি ১২-১৫ টাকা দরে বিক্রি হয় এসব। শামুক-ঝিনুকের কিছু অংশ চলে যায় কক্সবাজার শহরের ঝিনুক মার্কেটে। এসব দিয়ে গয়না, মালা, বৈদ্যুতিক বাতি, পুতুল, খেলনা ইত্যাদি তৈরি করা হয়। সৈকত ঝিনুক মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, নিষিদ্ধ শামুক-ঝিনুক তাঁরা জোগাড় করেন না। বিভিন্ন স্থানে তৈরি করা শামুক-ঝিনুকের পণ্য তাঁরা কিনে এনে বিক্রি করেন। অনেকে এসব জিনিস বিদেশ থেকে আমদানি করেন বলে তিনি দাবি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিডিআর ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে টেকনাফ সমুদ্র উপকূলের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রাম থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের শামুক-ঝিনুক জব্দ করে। এর আগে গত ১৯ আগস্ট বিডিআর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কচ্ছপিয়া ও নোয়াখালী গ্রাম থেকে প্রায় দেড় কোটি টাকার শামুক-ঝিনুক জব্দ করে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন এসব শামুক-ঝিনুক জব্দ করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, সৈকত থেকে শামুক-ঝিনুক কুড়িয়ে স্থানীয় অনেকেই জীবিকা চালাচ্ছে। তাদের জীবিকার বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত শামুক-ঝিনুক আহরণ বন্ধ করা যাবে না। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, এভাবে শামুক-ঝিনুক আহরণের ফলে সমুদ্রের খাদ্যচক্র ভেঙে যাচ্ছে। এতে মত্স্য সম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে সমুদ্রসৈকতকে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করেছে। এই এলাকায় শামুক-ঝিনুক আহরণ ও সংগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।