কক্সবাজারে শিক্ষা নিয়ে সম্মেলন আজ
সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করা এনজিওগুলোর জাতীয় সম্মেলন আজ সোমবার কক্সবাজারে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক ‘শেয়ার শিক্ষা কর্মসূচি।’
সম্মেলন উপলক্ষে গত শনিবার রাতে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। এতে শেয়ার শিক্ষা কর্মসূচির প্রধান এস এ চৌধুরী বলেন, ১৯৮৫ সাল থেকে এনজিওগুলো সরকারের অনুমতি সাপেক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা দিচ্ছে। সম্মেলনে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন এনজিওর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে। সম্মেলনে ১৮টি অধিবেশনে ৩২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
শেয়ার শিক্ষা কর্মসূচির সমন্বয়ক মো. গোলাম নবী জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত শেয়ার শিক্ষা কর্মসূচি ২০১২ সালে চালু হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ছয় লাখ শিশু প্রাথমিক শিক্ষা পাবে।
আয়োজকেরা জানান, ব্র্যাক, প্ল্যান বাংলাদেশ, গণসাহায্য সংস্থাসহ ২৪টি এনজিও সংস্থার দেড় শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।