কক্সবাজারে শিবিরের ককটেল বিস্ফোরণ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের টেকপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে শিবিরের ককটেল বিস্ফোরণ ও পুলিশ-শিবিরের গুলি বর্ষণের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা একটার দিকে অবরোধের পক্ষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরের ফজল মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কালুর দোকান পর্যন্ত যান। এরপর সেখানে তাঁরা সমাবেশ শুরু করেন। এ সময় পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটলে পথচারীরা ছোটাছুটি শুরু করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, কালুর দোকানের কাছে সমাবেশ শেষে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাঁচটির বেশি ককটেল নিক্ষেপ করেন। এ সময় কয়েকটি গুলিও করা হয়। পুলিশও পাল্টা গুলি ও রাবার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, জামায়াত-শিবির শহরে শান্তিপূর্ণভাবে মিছিল করে কালুর দোকান এলাকায় সমাবেশ করছিল। এমন সময় অবরোধবিরোধী একটি গোষ্ঠী সমাবেশস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর পুলিশ শিবিরকে লক্ষ্য করে ৬০ রাউন্ডের বেশি গুলি চালায়। এতে শিবির কর্মী আবদুর রহিম, রুমেল, শাহীন, শফিকসহ ১৫ জন আহত হয়েছেন।