কক্সবাজারে শিবিরের ধাওয়ায় জিপ উল্টে নিহত ১
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া গ্রামে আজ মঙ্গলবার রাত আটটার দিকে শিবিরকর্মীদের ধাওয়ায় জিপ গাড়ি উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। তার নাম হামিদুল হক (৫০)। তার বাড়ি ওই এলাকার চেয়ারম্যান পাড়ায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের পাঁচজনকে আটক করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকাল থেকে শান্তিপূর্ণ হলেও সন্ধ্যার পর জামায়াত-শিবির কর্মীরা মাঠে নামে। তারা বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলাসহ ১০টি যানবাহন ভাঙচুর করে। রাত আটটার দিকে খরুলিয়া এলাকায় পাঁচটি যানবাহন ভাঙচুর করে। এ সময় শিবিরের কর্মীরা একটি যাত্রীবাহি জিপ গাড়ি ধাওয়া করে। খরুলিয়াবাজার এলাকায় জিপটি উল্টে পথচারি হামিদুলের ওপর পড়লে তাঁর মৃত্যু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচজনকে আটক করেছে।
পুলিশ জানায়, হরতাল চলাকালে দুপুরে জামায়াত-শিবিরের কর্মীরা উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় পাঁচটি যানবাহন ভাঙচুর করে।