কক্সবাজারে শিশু-কিশোরদের দিয়ে ভাঙচুর চালাচ্ছে জামায়াত
কক্সবাজারের পেকুয়া, কুতুবদিয়া, ঈদগাহ, চকরিয়াসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অফিস-আদালত, মন্দির, বাড়ি, গাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের অধিকাংশই শিশু-কিশোর। ধারালো অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা ধরিয়ে দিয়ে জামায়াত নেতারা এদের নাশকতার জন্য মাঠে নামিয়েছে বলে অভিযোগ রয়েছে। কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের এক লবণচাষি বলেন, গত বৃহস্পতিবার রাত নয়টায় এক মাওলানা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ১০ থেকে ১৭ বছরের শতাধিক শিশু-কিশোরকে জড়ো করে উপজেলা পরিষদে নিয়ে যান। তারপর সরকারি অফিস-আদালতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করান। এতে তাঁর ১৫ বছরের এক ছেলেও অংশ নেয়। পরে থানা আক্রমণের সময় পুলিশ গুলি চালালে তিনি ঘটনাস্থল গিয়ে ছেলেকে বাড়িতে ধরে আনেন। কুতুবদিয়া থানার ওসি মো. আবুল হাশেম বলেন, গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কয়েক হাজার লোক নিয়ে উপজেলা পরিষদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। এরপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, আদালত ভবন, তিনটি হিন্দু মন্দির ও থানায় ভাঙচুর করা হয়। হামলাকারীদের অধিকাংশ ছোট ছোট শিশু-কিশোর। এদের প্রত্যেকের হাতে লাঠিসোঁটা ও ইটপাটকেল দেখা গেছে। পুলিশ ৭৬টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ছোটাছুটিতে বহু শিশু আহত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ইসলাম রক্ষার নামে মাদ্রাসাছাত্র ও গ্রামের শিশু-কিশোরদের ফুসলিয়ে নাশকতায় ঠেলে দিয়েছেন। কুতুবদিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরিমল দাশ বলেন, রাত সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে কয়েক শ ছোট ছেলে প্রথমে কালীবাড়ি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি মূর্তি লুট করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পেকুয়া বাজারে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তখনো জামায়াত-শিবিরের মিছিলে লাঠিসোঁটা নিয়ে অসংখ্য শিশু-কিশোর অংশ নেয়। পেকুয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ছোট ছোট ছেলেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেছে। বয়স্কদের সামনে ছোটরা থাকায় পুলিশ লাঠিপেটা করতেও সমস্যায় পড়ে। চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গত শুক্রবার বিকেল পাঁচটায় চকরিয়ার পৌরসভার চিরিঙ্গা এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনের বয়স ১৬ বছরের নিচে। অভিযোগ ভিত্তিহীন দাবি করে জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়ায় শিশু-কিশোর-বৃদ্ধসহ সাধারণ মানুষ মাঠে নেমে সাঈদীর মুক্তি ও ফাঁসির রায়ের বিরুদ্ধে আন্দোলন করছে। এদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা জামায়াতের হাতে নেই। তার পরও আমরা পর্যটন শহর কক্সবাজারকে শান্ত রাখার চেষ্টা করছি।’