কক্সবাজারে শিশু হত্যার দায়ে তিন আসামির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর শিশু হত্যার দায়ে মিয়ানমারের দুই নাগরিকসহ তিন আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন মিয়ানমারের নাগরিক মো. আবদুল খালেক, আবদুস শুক্কুর ও চট্টগ্রামের চান্দানাইশের মো. বাহাদুর মিয়া।
সাজাপ্রাপ্ত আসামিরা কক্সবাজার জেলা কারাগারে বন্দী রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মো. জসিমকে বেকসুর খালাস দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তিন আসামির ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
মামলা এজাহারে বলা হয়, ২০১৩ সালে ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছটার বাসিন্দা নুরুল হকের ছেলে হৃদয় মনিকে (৬) অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু পরিবার মুক্তিপণ না দেওয়ায় শিশুকে হত্যা করা হয়। পরের দিন পুলিশ সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শিশুর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ৬ জুলাই নুরুল হক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ওই চারজনকে আসামি করে মামলা করেন।
২০১৪ সালের ২০ এপ্রিল পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল খালেক, বাহাদুর মিয়া, আবদুস শুক্কুর ও জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।