কক্সবাজারে শিশুদের আনন্দমেলা
কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দুদিনব্যাপী শিশুের আনন্দমেলা গতকাল বুধবার রাতে শেষ হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বাংলাদেশ শিশু একাডেমী এই মেলার আয়োজন করে। শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, কক্সবাজার সাহিত্য একাডেমী, কক্সবাজার চারুপাঠ একাডেমী, কক্সবাজার আর্ট একাডেমীসহ ২০টি প্রতিষ্ঠান মেলায় নানা উদ্ভাবনী প্রকল্প, বই, ছবি ও রকমারি পিঠা নিয়ে আসে।
কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের স্টলে সাজিয়ে রাখা হয় পাটিসাপটা, পুলি, কুমড়া, নকশা, বেলি, বাদশাহি, শাপলাসহ নানা পিঠা।
স্কুলের অধ্যক্ষ সেলিমা রহমান বলেন, বিদ্যালয়ের ছাত্রীরা পরিশ্রম করে ঐতিহ্যবাহী এই পিঠাগুলো তৈরি করে এখানে নিয়ে আসে। বেচাকেনাও হচ্ছে ভালো।
পাশের দোকানে থ্রিডি মুভি দেখানোর প্রকল্প নিয়ে আসে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র অরিন্দম বড়ুয়া। ‘কক্সবাজারের ভবিষ্যৎ পরিকল্পনা’ নামের প্রকল্প নিয়ে আসে একই স্কুলের ছাত্র ফাহিম কুদ্দুস।