কক্সবাজারে শুঁটকি উৎপাদন দুই মাসের জন্য বন্ধ
কক্সবাজার উপকূলে রোদে শুকিয়ে শুঁটকি মাছ উৎপাদন কার্যক্রম দুই মাসের জন্য বন্ধ করা হয়েছে। কারণ, এ সময় বৃষ্টিপাত থাকবে। তবে কেউ কেউ চাহিদা মেটাতে রান্নাঘরের চুল্লিতে শুঁটকি উৎপাদন অব্যাহত রেখেছেন।গত শনিবার দুপুরে কক্সবাজার পৌরসভার সমুদ্র উপকূলীয় নাজিরারটেক, ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়া ঘুরে দেখা গেছে, অন্তত ৫০টি মহালে শুঁটকি উৎপাদন বন্ধ রাখা হয়েছে। একটি মহালের মালিক সাইফুল ইসলাম জানান, এখন বর্ষা শুরু হয়েছে। বৃষ্টির সময় কাঁচা মাছ শুঁটকি করা যায় না। তাই ১ জুলাই থেকে সব মহালে শুঁটকি উৎপাদন বন্ধ রাখা হয়েছে। দুই মাস পর অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই শুঁটকির উৎপাদন আবার শুরু হবে। কক্সবাজার ভ্রমণে আসা ঢাকার মগবাজারের পর্যটক সাইফুল আজিম (৩৪) বলেন, এখানে বেড়াতে আসার আগে অনেকে শুঁটকি নিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু শহরের বিভিন্ন বাজার ঘুরে কোথাও ভালো শুঁটকি পাচ্ছি না। শহরের বড়বাজারের ব্যবসায়ী মো. আলম বলেন, কক্সবাজার শহরের সমুদ্রসৈকত, লাবণী পয়েন্ট, বার্মিজ মার্কেট ও হোটেল-মোটেল জোন এলাকায় এখন যেসব শুঁটকি বিক্রি হচ্ছে, তা কক্সবাজারে উৎপাদিত শুঁটকি নয়। এগুলো ভোলা, হাতিয়া, রাঙাবালী ও সুন্দরবন উপকূল থেকে কিনে আনা হয়েছে। এসব শুঁটকিতে বিষাক্ত ডিডিটি পাউডার ও কীটনাশক মেশানো রয়েছে। বার্মিজ মার্কেটের শুঁটকি ব্যবসায়ী তোফায়েল আহমদ জানান, বর্ষার এই সময়ও অনেকে ঘরের চুল্লিতে কাঁচা মাছ শুঁটকি করে বাজারে বিক্রি করছেন।