কক্সবাজারে শূন্যপদে বিচারক নিয়োগের দাবি আইনজীবীদের
কক্সবাজারে বিভিন্ন আদালতে শূন্যপদে শিগগিরই বিচারক নিয়োগ ও আদালত স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি।
কক্সবাজার শহরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আ জ ম মঈন উদ্দীন। তিনি বলেন, তিন মাস ধরে পাঁচটি আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে। বিচারক-সংকটের কারণে জেলায় বিচার কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। জেলা ও দায়রা জজ আদালতে ঝুলে আছে অন্তত ৬৬ হাজার মামলা। তাই শূন্যপদে বিচারক নিয়োগ দেওয়ার পাশাপাশি একটি অতিরিক্ত জেলা জজ আদালত, দুটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, একটি শিশু আদালত, বিদ্যুৎ আদালত, পরিবেশ আদালত, অর্থঋণ আদালত ও শ্রম আদালত স্থাপনের দাবি জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, প্রবীণ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।