কক্সবাজারে সংখ্যালঘুরা আতঙ্কে
কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানের সংখ্যালঘুরা গত বৃহস্পতিবার থেকে চরম আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। জামায়াত-শিবিরের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বাসাবাড়ি, মন্দির, প্যাগোডা রক্ষার জন্য লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে।দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। মুঠোফোনে হুমকি-ধমকি অব্যাহত রাখায় অনেকে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। গত শনিবার রাত নয়টায় শহরের ঘোনারপাড়া, বৈদ্যঘোনা এলাকায় দেখা গেছে, কয়েক শ নারী-পুরুষ দুটি মন্দিরের সামনে জড়ো হয়ে হইচই করছে। এদের অনেকের হাতে লাঠিসোঁটা। এদের কয়েকজন জানান, মন্দিরে হামলার হুমকিতে তাঁরা জড়ো হয়েছেন। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, শনিবার রাতে একটি মুঠোফোন থেকে তাঁকে একাধিকবার হুমকি দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তা ছাড়া শহরের ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, খাজামঞ্জিল, লারপাড়া এলাকায় আরও এক চিকিৎসক, দুই শিক্ষক ও তিনজন ব্যবসায়ীকে এলাকা ছাড়তে হুমকি দেওয়া হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ দাশ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি জেলার প্রায় পাঁচ লাখ সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি।’