কক্সবাজারে সংবাদপত্র বহনকারী গাড়িতে ডাকাতের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস ও তিনটি ট্রাকে হামলা এবং ভাঙচুর করেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের দায়ের কোপ ও লাঠির আঘাতে আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পাহাড়ি এলাকা কচ্ছপিয়া ঢালায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন, মাইক্রোবাসের চালক মিজানুর রহমান (২৫), তাঁর সহকারী জাবেদ হোসেন (১৫) ও ওই গাড়ির তদারককারী (লাইনম্যান) মোহাম্মদ পেয়ারুসহ (২৮) মোট ১০ জন। এর মধ্যে ডাকাতদের দায়ের কোপে মিজানের ডান হাত কেটে গেছে। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো তাঁরা রাত তিনটার দিকে চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকার ছাপাখানা থেকে প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর পাঁচটার দিকে চকরিয়া পৌর শহরে পত্রিকা নামিয়ে পাঁচটা ২০ মিনিটের সময় মাইক্রোবাসটি কচ্ছপিয়ার ঢালায় ডাকাতের কবলে পড়ে। আহত ব্যক্তিরা জানান, ৩০ থেকে ৩৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত সড়কের ওপর বড় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। মাইক্রোবাস ও তিনটি ট্রাক সেখানে পৌঁছামাত্র ডাকাতেরা ফাঁকা গুলি ছোড়ে। ডাকাতেরা প্রথমে সংবাদপত্রবাহী গাড়িতে হামলা চালায়। এ সময় চারজন ডাকাত অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে। এক ডাকাত ধারালো কিরিচ দিয়ে মাইক্রোর চালক মিজানুরের ডান হাতে দুটি কোপ দেয়। তারা মাইক্রোর সহকারী জাবেদ হোসেন, তদারককারী মোহাম্মদ পেয়ারুসহ পাঁচ যাত্রীকে বেদম মারধর করে। পরে ডাকাত দল ছয় হাজার ৮০০ টাকাসহ ছয়টি মুঠোফোন লুট করে জঙ্গলে ঢুকে পড়ে। পেয়ারু আহত অবস্থায় গাড়িটি চালিয়ে কক্সবাজার শহরে নিয়ে আসেন। সকাল সাতটার দিকে চালক মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে বেলা ১১টার দিকে তাঁকে বিশ্রামে পাঠানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ‘ডাকাতির খবর জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামী দিনে গভীর রাতে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দলকে টহলে রাখা হবে।’উদ্বেগ প্রকাশ: সংবাদপত্রবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার দক্ষিণ চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সনজিত মহাজন, মো. ইব্রাহিম ও সদস্য অর্জুন দাশ। তাঁরা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের লুটপাট খুবই উদ্বেগের বিষয়। কারণ ওই সড়কে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা পথে প্রচুর গাড়ি চলাচল করে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ দল টহলে রাখা জরুরি।