কক্সবাজারে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত, ভাঙচুর
কক্সবাজারে একটি আঞ্চলিক পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে আঘাত করে দুই সাংবাদিককে গুরুতর আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা ওই কার্যালয়ে ভাঙচুরও চালিয়েছে। জেলা শহরের থানা রোড এলাকায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন দৈনিক কক্সবাজার বাণীর উপদেষ্টা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবাল এবং সম্পাদক ফরিদুল মোস্তফা খান। রাতে গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে বেসরকারি আল ফোয়াদ হাসপাতালে ভর্তি করা হয়। হাতুড়ির আঘাতে ফরিদুল মোস্তফার মাথা ফেটে গেছে। আতাহার ইকবালের বুক ও হাত ফুলে গেছে।আহত আতাহার ইকবাল জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হঠাৎ ওই পত্রিকার কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তাঁদের আঘাত করতে থাকে সন্ত্রাসীরা। পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের শনাক্ত করা না গেলেও তারা সবাই তরুণ।আহত ফরিদুল মোস্তফা খান বলেন, গত কয়েক দিন তাঁদের পত্রিকায় ইয়াবা, চোরাচালান, থানার দালালিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ওই প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে তাঁদের প্রাণনাশের অপচেষ্টায় সন্ত্রাসীদের লেলিয়ে দিতে পারে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পত্রিকা কার্যালয়ে কারা হামলা চালিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। আহত সাংবাদিকেরাও এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারছেন না। গতকাল (সোমবার) বিকেল পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি।