কক্সবাজারে সপ্তাহব্যাপী বইমেলা শুরু
প্রায় সাত বছর পর গতকাল শুক্রবার কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। মেলায় ঢাকার সৃজনশীল ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেয়। কক্সবাজার জেলা প্রশাসন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এই বইমেলার আয়োজন করেছে।বিকেল পাঁচটায় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল আলম নিজামী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ, মেলা কমিটির পরিচালক মুনিরুল হক প্রমুখ। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ সাত বছর পর কক্সবাজারে বইমেলা হচ্ছে। কিন্তু এখন (বর্ষা মৌসুমে) বইমেলা না করে ডিসেম্বর-জানুয়ারি মাসে করা গেলে প্রচুর বই বিক্রি হতো। কারণ ওই সময় কক্সবাজারে কয়েক লাখ পর্যটক আসে। তার পরও জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই মেলা থেকে বই সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।মেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস রক্ষিত জানান, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। সঙ্গে চলবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।