কক্সবাজারে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। বিক্রিও হচ্ছে দেদার। লাভ পেয়ে খুশি চাষিরা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তা ও চাষিরা।
৩ জানুয়ারি রামু উপজেলার বাঁকখালী নদীর গর্জনিয়া, কচ্ছপিয়া, অফিসের চর ও ফতেখাঁরকূল গ্রাম ঘুরে দেখা গেছে, নদীর দুই তীর শাক–সবজিতে ভরপুর। কৃষকেরা ব্যস্ত সবজি তোলায়।
অফিসের চরের কৃষক মোহাম্মদ ছাদেক বলেন, ‘গত বছর ৪০ শতক জমিতে টমেটোর চাষ করে ৮০ হাজার টাকা লাভ করেছিলাম। এবার ৮০ শতক জমিতে টমেটোর চাষ করেছি। গত ১৫ দিনে তিন মণ টমেটো বিক্রি করে ৪৭ হাজার টাকা পেয়েছি। আরও যা আছে, তা বিক্রি করে কমপক্ষে এক লাখ টাকা লাভ হবে।’
চকরিয়া মাতামুহুরী নদীর দুই তীরও সবজিতে ভরপুর। উপজেলার কৈয়ারবিল দ্বীপকূল এলাকার চাষি মনজুর আলম জানান, প্রতিবছর তিনি মাতামুহুরী নদীর তীরে পাঁচ কানি জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেন।
এ বছরও তিনি সমপরিমাণ জমিতে টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও কাঁচা মরিচের চাষ করেছেন। গত বছর উৎপাদিত ফসল বিক্রি করে পেয়েছেন ৫৫ হাজার টাকা, এবার দ্বিগুণ আশা করছেন তিনি।
চকরিয়ার চাষি শাহাব উদ্দিন ও মোক্তার আহমদ জানান, দুই বছর আগে নদীর তীরে তাঁরা তামাকের চাষ করেছেন। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি জানার পর ওই জমিতে তাঁরা তামাকের বদলে টমোটো ও ক্ষীরার চাষ করছেন। লাভ হওয়ায় গ্রামের অনেকে সবজি চাষে উৎসাহিত হচ্ছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার শীতকালীন সবজি টমেটো, বেগুন, মুলা, মরিচ, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, আলু, ক্ষীরা, শিম, লাউ, গাজর, বরবটিসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে জেলার প্রধান দুই নদী বাঁকখালী ও মাতামুহুরীর দুই তীরে টমেটো, কপি ও বেগুনের চাষ বেড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, গত বছর জেলার আটটি উপজেলায় ১২ হাজার ৬৩৮ হেক্টর জমিতে ২ লাখ ৫৭ হাজার ৮৩৬ মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর তিন লাখ মেট্রিক টন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় এই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।