কক্সবাজারে সমাবেশ করতে পারেনি জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করতে পারেনি জামায়াত-শিবির। ইসলাম রক্ষা আন্দোলনের ব্যানারে গতকাল জামায়াত-শিবির শহরের শতাধিক মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। এসব প্রতিরোধে প্রতিটি মসজিদের সামনে দুপুর থেকে বিপুলসংখ্যক বিজিবি, র‌্যব ও পুলিশ মোতায়েম করা হয়েছিল। শহরের আলী জাহান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আজিজ জুমার নামাজের খুতবায় ফেসবুকে ইসলামবিরোধী নানা অপপ্রচার চালানো এবং অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানান। এ জন্য আগে মসজিদে ব্যানারও তৈরি রাখা হয়। কিন্তু নামাজ শেষে কেউ মিছিল করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হস্তে তা প্রতিরোধ করেন।তবে বিক্ষোভ মিছিল করা নিয়ে সদর উপজেলার পোকখালী জামে মসজিদে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংঘর্ষে অন্তত ১২ জন আহত এবং কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। শহরের বাজারঘাটা বড়বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ ফেব্রুয়ারি দুপুরে শহরের রুমালিরছড়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নিরীহ তিনজনের মৃত্যু হয়। গতকালও জুমার নামাজ শেষে মুসল্লিদের দিয়ে বিক্ষোভ মিছিল করে ফায়দা হাসিলের চক্রান্ত করা হয়েছিল। কিন্তু কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করায় সেই চক্রান্ত সফল হয়নি।