কক্সবাজারে সমুদ্রে ডুবে দুই তরুণের মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে আজ শুক্রবার বিকেলে রাখাইন সম্প্রদায়ের দুই তরুণের মৃত্যু হয়েছে। এঁরা হলেন শহরের চাউলবাজার সড়কের বাদা হিং রাখাইনের ছেলে ক্য ম্যো হিন (১৮) ও টেকপাড়ার গৌতম চৌধুরীর ছেলে ইমন চৌধুরী (১৮)। এ সময় একজন নিখোঁজ হয়েছেন। তিনি চালবাজার সড়কের ন্যু-রি রাখাইনের ছেলে ওয়াইন রাখাইন (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, সন্ধ্যার পর দুই তরুণের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ ওয়াইনকে খোঁজা হচ্ছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ‘ইয়াছির লাইফ গার্ড স্টেশনের’ পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সকাল ১১টা থেকে সৈকতের শৈবাল পয়েন্টে বৃষ্টিতে ভিজে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষেরা বর্ষা উৎসব শুরু করেন। বিকেল পাঁচটার দিকে উৎসব শেষে অনেকে বাড়ি ফিরে গেলেও কিছু তরুণ-তরুণী উত্তাল সমুদ্রে গোসলে নামেন। এ সময় জোয়ারের ধাক্কায় ওয়াইন, ইমন ও ক্য ম্যো হিং নিখোঁজ হন। স্থানীয় ডুবুরিরা এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ইমন চৌধুরী ও ক্য ম্যো হিংকে উদ্ধার করেন। পরে পুলিশ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
মোস্তফা কামাল বলেন, রাত নয়টা পর্যন্ত নিখোঁজ ওয়াইনের সন্ধান মেলেনি। বৈরী পরিবেশের কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় অন্ধকারে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক নেতা জানান, গত জুন মাস থেকে সপ্তাহের প্রতি শুক্রবার রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষেরা সৈকতে জড়ো হন। তারপর বৃষ্টির পানিতে ভিজে বর্ষা উৎসব পালন করেন। কিন্তু অনেকে সৈকতে নেমে বিপদ ডেকে আনেন।