কক্সবাজারে সরকারি কর্মকর্তার জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে সরকারি এক কর্মকর্তার কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার শহরের একটি হোটেলে সাংবাদ সম্মেলন করে জমির মালিক দাবিদার বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম আজাদ এ অভিযোগ করেন।আবুল কালাম আজাদ অভিযোগ করেন, ২০০৯ সালে তাঁর নিজের ১১ শতকসহ অন্যান্য জমিতে সায়মান বিচ রিসোর্ট নামের একটি বহুতল ভবন তৈরির উদ্যোগ নেন চট্টগ্রামের আবু মুহসিন নামের এক ব্যক্তি। তখন এর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন। গত ১২ ডিসেম্বর হাইকোর্ট ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু দখলদার আবু মুহসিন ও প্রকল্প পরিচালক মাযহারুল হক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কয়েক দিন ধরে শতাধিক শ্রমিক দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হলেও কোনো ফল হয়নি। অভযোগের বিষয়ে জানতে চাইলে সায়মান বিচ রিসোর্টের প্রকল্প পরিচালক মাযহারুল হক বলেন, ‘আমাদের প্রকল্পে আবুল কালাম আজাদের কোনো জমি নাই।’ আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৫ বছর আগে আমরা এই জমি কিনেছি। তখন তিনি অভিযোগ করলেন না কেন? কাগজপত্র না দেখে আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলা যাচ্ছে না।’এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, এক ব্যক্তি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছিলেন, লিখিত কোনো অভিযোগ দেননি।