কক্সবাজারে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
কক্সবাজার প্রেসক্লাবকে সাম্প্রদায়িকতামুক্ত করার দাবিতে এবং স্বাধীনতার পক্ষের শক্তির দৈনিক ও ইলেকট্রনিক চ্যানেলে কর্মরত সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করা ও প্রেসক্লাবের জমি কোটি টাকার বিনিময়ে একটি বেসরকারি আবাসন কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে গত সোমবার সকালে অর্ধশতাধিক সাংবাদিক শহরের প্রধান সড়কে মিছিল ও সমাবেশ করেছেন। বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি প্রিয়তোষ পালের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মোহাম্মদ হোসেন, মুহাম্মদ আলী জিন্নাত, মইনুল হাসান, তোফায়েল আহমদ, আবু তাহের, আবদুল কুদ্দুস, মোহাম্মদ নজিবুল ইসলাম, আবদুল মাবুদ, জাহেদ সরওয়ার সোহেল, সরওয়ার আজম মানিক প্রমুখ। সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, প্রেসক্লাবের সভাপতি একাত্তরের যুদ্ধাপরাধী। এক যুগ ধরে তিনি কোনো পত্রিকায় সাংবাদিকতা করেন না। আর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্থানীয় দৈনিক সৈকত-এর সম্পাদক হলেও পত্রিকাটি সাত মাস ধরে বন্ধ রয়েছে। সমাবেশ শেষে সাংবাদিকেরা প্রধান সড়কে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, সংবাদপত্রের সঙ্গে জড়িত নয় এমন কোনো ব্যক্তির প্রেসক্লাবে জড়িত থাকা অনুচিত। একাত্তরের যুদ্ধাপরাধ প্রসঙ্গে জানতে চাইলে প্রেসক্লাবের সভাপতি বদিউল আলম বলেন, তখনকার ঘটনা এখন মনে নেই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির পাশে জিয়াউর রহমানের ছবি টাঙানো প্রসঙ্গে বদিউল আলম বলেন, ‘ক্লাবের সব সদস্যের সম্মতিক্রমে জিয়ার ছবি তোলা হয়েছে। এতে আমার একার করার কিছু ছিল না।’