কক্সবাজারের তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদপত্র সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের দাবি করা হয়।
সমন্বয় পরিষদের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাংবাদিক আমিনুল হক চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, তোফায়েল আহমদ, জাহেদ সরওয়ার, আবদুল মাবুদ, মাইনুল হাসান, নজিবুল ইসলাম, রাশেদুল ইসলাম, আইয়ুব ইসলাম, হাসানুর রশিদ, সঞ্জিত মহাজন প্রমুখ।
সভা শেষে সাংবাদিকেরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
গত শনিবার দুপুরে কক্সবাজার শহরের ‘৫১ একর’ নামক একটি পাহাড় কাটার ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বৈশাখী টিলিভিশনের জেলা প্রতিনিধি শফি উল্লাহ, সহকারী ও ক্যামেরাম্যান জসিম উদ্দিন এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকী। আহত সাংবাদিকদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলায় সংবাদকর্মীদের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে, ফুলে গেছে।
দুই কর্মচারীকে বরখাস্ত: সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িত জেলা প্রশাসনের দুই কর্মচারী কক্সবাজার ট্রেজারি শাখার অফিস সহায়ক মো. নাছির উদ্দিন ও মহেশখালীর কেরুণতলী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আবুল হাশেমকে বরখাস্ত করা হয়েছে।