কক্সবাজারে সাগরে ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে মাছ ধরার একটি ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। বিকেল চারটায় স্থানীয় জেলেদের সহযোগিতায় পুলিশ তিন জেলের লাশ উদ্ধার করেছে।
নিহত জেলেরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আবছার (২৫) ও আবদুল শুক্কুরের ছেলে জসীম উদ্দিন (২৭) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহছড়া গ্রামের আবদুল হামিদ (২০)। হামিদের বাবার নাম জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিন জেলের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্রলারের মালিক কক্সবাজার শহরের বড়বাজার এলাকার কামাল হোসেন জানান, পাঁচ দিন আগে ১৬ জেলে নিয়ে তাঁর মালিকানাধীন ট্রলারটি (এফবি সামী) বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।