কক্সবাজারে সাগরে নেমে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সাগরে গোসল করতে নেমে মামুনুর রশিদ নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্রেসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।মামুনুর (৩০) ঢাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কেন্দ্রীয় শাখার সিনিয়র অডিট কর্মকর্তা। তাঁর বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলা শহরে।উদ্ধার-তৎপরতায় নিয়োজিত ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, বেলা দুইটার দিকে মামুনুর সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। আড়াইটার দিকে বিশাল একটি ঢেউ এসে তাঁকে গভীর সাগরে টেনে নেয়। পর্যবেক্ষণ টাওয়ার থেকে পরিস্থিতি দেখে লাইফ গার্ডের কর্মীরা মামুনুরকে উদ্ধারের জন্য সাগরে ঝাঁপ দেন। বিকেল তিনটার দিকে মামুনুরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সৈকতে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী বলেন, কক্সবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন শাখা অডিট করতে মামুনুর ১১ জুলাই ঢাকা থেকে কক্সবাজারে আসেন। গতকাল রাতের বাসে তাঁর ঢাকা ফেরার কথা ছিল।