কক্সবাজারে সাত দিনের সার্ফিং প্রশিক্ষণ শুরু
কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গতকাল বুধবার থেকে সাত দিনব্যাপী আন্তর্জাতিক সার্ফিং প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। ক্যাম্পের আয়োজক বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার্ফিং কর্তৃপক্ষ ‘সার্ফিং দ্য নেশন্স’-এর সভাপতি টম বাউয়ার, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার, ব্র্যাকের কর্মকর্তা কৌশিক রহমান প্রমুখ।
বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার জানান, বাংলাদেশে সার্ফিংয়ের মান উন্নয়ন এবং নতুন নতুন সার্ফার তৈরির লক্ষ্যে কক্সবাজারে সাত দিনব্যাপী আন্তর্জাতিক মানের সার্ফিং প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হয়েছে। দেশের ৭০ জন প্রশিক্ষণার্থীকে সার্ফিং শেখাচ্ছেন বিদেশি ২৫ জন সার্ফার।
পুলিশ সুপার বলেন, বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকত সার্ফিংয়ের জন্য নিরাপদ। কারণ এই সৈকতে ঢেউ বেশি এবং পানির নিচে পাথরের পরিবর্তে রয়েছে বালু। তা ছাড়া হাঙরসহ হিংস্র সামুদ্রিক প্রাণীর বিচরণও নেই।