কক্সবাজারে সার্ফিং প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে গতকাল থেকে শুরু হ​েয়ছে তিন দিনের সার্ফিং  প্রতিযোগিতা। সমুদ্রসৈকতে দুই সার্ফার l ছবি: প্রথম আলো
কক্সবাজারে গতকাল থেকে শুরু হ​েয়ছে তিন দিনের সার্ফিং প্রতিযোগিতা। সমুদ্রসৈকতে দুই সার্ফার l ছবি: প্রথম আলো

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ফিং প্রতিযোগিতা-২০১৬। শহরের চারটি সার্ফিং ক্লাবের ৯০ জন সদস্য এই প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন (বিএসএ) ও ব্র্যাক চিকেন দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আগে টেলিভিশনে বিদেশিদের সার্ফিং দেখে মুগ্ধ হতাম। এখন সৈকতে বসে ঘরের ছেলেমেয়েদের সার্ফিং দেখার সুযোগ পাচ্ছি। সার্ফিংয়ের মাধ্যমে বিশ্বের দরবারে কক্সবাজার সৈকতকে তুলে ধরা হচ্ছে। সার্ফিংয়ের প্রসারে জোরালো প্রচারণা দরকার। এখনো দেশের বহু মানুষ জানে না সার্ফিং কী?’
তথ্যমন্ত্রী বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা দিয়েছে। ১০ লাখ বিদেশি পর্যটককে বাংলাদেশ ভ্রমণে আনার নানা উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে সার্ফিং বড় ভূমিকা রাখতে পারে।
বিএসএর সভাপতি সাংসদ কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন সাংসদ মোহাম্মদ ইলিয়াছ ও খুরশিদ আরা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, বিএসএর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার্ফিং সংগঠন ‘সার্ফিং দ্য ন্যাশন’-এর সভাপতি টম বাওয়ার, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুডের পরিচালক তৌফিকুর রহমান প্রমুখ।
সার্ফিং প্রতিযোগিতার সমন্বয়কারী সার্ফার রাশেদ আলম প্রথম আলোকে বলেন, তিনটি শ্রেণিতে এই প্রতিযোগিতা হচ্ছে। ৯০ জন সার্ফারের মধ্যে ১০ জন নারী রয়েছেন। তাঁদের নিয়ে আলাদা প্রতিযোগিতা হচ্ছে। টম বাওয়ারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও সুইজারল্যান্ডের ১৬ জন সার্ফার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন।
প্রতিযোগিতায় কক্সবাজার লাইফ সেভিং অ্যান্ড সার্ফিং ক্লাব, ওয়েভ ফাইটার সার্ফিং ক্লাব, সায়মন সার্ফ ক্লাব ও সার্ফিং বাংলাদেশ অংশ নিচ্ছে।