কক্সবাজারে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১৭৯০ টাকায়
‘দুই মাস আগে ৬৮২ টাকার এক বোতল এলপি গ্যাস (সিলিন্ডার) কিনেছিলাম এক হাজার ৩৩০ টাকায়। সেই গ্যাস সিলেন্ডার ২২ আগস্ট কিনেছি এক হাজার ৬৭০ টাকায়। গতকাল রোববার সকালে একই গ্যাস কিনেছি এক হাজার ৭৯০ টাকায়। দিন দিন গ্যাসের দাম বেড়ে চললেও দেখার যেন কেউ নেই।’গতকাল রোববার বিকেলে কক্সবাজার শহরের টেকপাড়ার গৃহবধূ সামসুন্নাহার বেগম (৪৫) ক্ষোভের সঙ্গে এসব কথা তুলে ধরেন।শহরের গোলদীঘি এলাকার স্কুলশিক্ষক আবদুর রহিম ও হোমিও চিকিৎসক হারাধন দে বলেন, চড়া দামে গ্যাস সিলিন্ডার কিনেও বেকায়দায় পড়তে হচ্ছে। ১২ কেজির স্থলে গ্যাস পাওয়া যাচ্ছে আট-নয় কেজি। একটা সিলিন্ডার দিয়ে আগে সর্বোচ্চ ২৪ দিন গেলেও এখন মাত্র ১২ থেকে ১৩ দিন। এতে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের লোকজন চরম হয়রানির শিকার হচ্ছে। গতকাল শহরের একাধিক দোকান ঘুরে দেখা গেছে, সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৬৮২ টাকা দামের প্রতি সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে এক হাজার ৭৮০ থেকে এক হাজার ৭৯০ টাকায়। বসুন্ধরা ও টোটাল গ্যাস বিক্রি হচ্ছে এক হাাজর ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায়। শহরের টেকপাড়া আছিয়া এন্টারপ্রাইজের কর্মচারী মনছুর আলম বলেন, ‘এক হাজার ৭৬৫ টাকায় কিনে আমরা এক হাজার ৭৯০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করছি। তবুও সব সিলিন্ডার দুপুরের আগে বিক্রি হয়ে গেছে। নতুন করে বিক্রির মতো গ্যাস দোকানে মজুদ নেই।’ কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, এই পৌরসভায় প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের চাহিদা প্রায় ৪৫ হাজার। কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছে সাড়ে তিন হাজার। ফলে গ্যাসের তীব্র সংকট দেখা দিচ্ছে। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী চট্টগ্রাম থেকে গ্যাস কিনে চড়া মূল্য হাতিয়ে নিচ্ছেন। কক্সবাজার জেলা এলপি গ্যাস দোকান মালিক সমিতির সভাপতি সিরাজুল হক বলেন, কক্সবাজারে ৩০ জন ডিলার ও ৮০ জন লাইসেন্সধারী এলপি গ্যাস বিক্রেতা রয়েছেন। এঁদের প্রত্যেককে চট্টগ্রাম থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।