কক্সবাজারে সুপারির বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছর প্রতিটি কাঁচা সুপারি বিক্রি করেছি এক টাকায়। এখন বিক্রি হচ্ছে দেড়-দুই টাকায়। এ বছর গাছে সুপারির বাম্পার ফলন হয়েছে। একেকটি পরিবার সুপারি বিক্রি করে পাচ্ছে তিন থেকে পাঁচ লাখ টাকা করে।’
গতকাল বুধবার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলের গ্রাম সোনারপাড়ার চাষি ছমির উদ্দিন এসব কথা বলেন। একই গ্রামের চাষি আবদুস সালাম বলেন, নিজের এক একর বাগানের সুপারি বিক্রি করে এ পর্যন্ত তিনি দুই লাখ টাকার বেশি পেয়েছেন। গাছের অবশিষ্ট সুপারি বিক্রি করে আরও দেড় লাখ টাকা পাওয়া যাবে।
উখিয়ার সোনারপাড়া বাজারে প্রতি রোববার ও বুধবার সুপারির হাট বসে। প্রতি হাটে অন্তত ৮০-৯০ লাখ টাকার সুপারি বিক্রি হয়।
স্থানীয় সুপারি ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, ৯০ শতাংশ সুপারি চট্টগ্রাম, ঢাকা ও রংপুর সরবরাহ করা হয়। রংপুরের ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, এখানকার সুপারি আকৃতিতে বড় ও মজাদার। এই সুপারির উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইউসুফ ভূঞা বলেন, এই উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর বাগানে উৎপাদিত সুপারি বিক্রি করে এ পর্যন্ত ৫০ কোটি টাকার বেশি পেয়েছেন চাষিরা।
স্থানীয় ব্যক্তিরা জানান, উখিয়া, টেকনাফ ও রামু উপজেলার চার শতাধিক গ্রামে সুপারির ভালো ফলন হয়েছে। রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, এই উপজেলার ১১ ইউনিয়নের দেড় শতাধিক গ্রামে সুপারি বিক্রি করে লাভবান হচ্ছেন প্রায় ১০ হাজার চাষি।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার আট উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে সুপারির আবাদ হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সুপারির উৎপাদন ও বিক্রি চলবে। এবার প্রতি হেক্টর বাগানে প্রায় ৪০ মেট্রিক টন সুপারি পাওয়া যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, এবার সুপারির দাম বাড়ায় বিক্রি ৭০০ কোটিতে দাঁড়াতে পারে।