কক্সবাজারে সুপারির বাম্পার ফলন, দামও ভালো
কক্সবাজারের আট উপজেলায় এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবার সুপারির দাম তিন গুণ বেড়ে যাওয়ায় চাষিরা মহাখুশি।
গত বুধবার সকালে উখিয়া উপজেলার সোনারপাড়া বাজারে দেখা গেছে, চাষিরা বিক্রির জন্য সুপারি নিয়ে আসছেন। প্রতি পণ (৮০টি) সুপারি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকায়।
ইনানী গ্রামের চাষি নাজির হোসেন (৫৫) বলেন, এক কানি (৪০ শতক) জমিতে সৃজিত ৪৫৮টি গাছে সুপারির বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে সুপারি ধরেছে ২০০ থেকে ৫০০টি। এবার সুপারির বাজারমূল্য বেশি থাকায় এই বাগান থেকেই দুই লাখ টাকা আয় হবে।
একই গ্রামের চাষি আবদুল মান্নান (৬০) বলেন, ‘গত বছর প্রতিটি কাঁচা সুপারি বিক্রি করেছি এক টাকায়। এখন বিক্রি করছি তিন টাকায়। মৌসুমের নতুন সুপারি, তাই দামও বেশি পাওয়া যাচ্ছে।’
আগের দিন রামু উপজেলার মেরংলোয়া, ফতেখাঁরকুল, অফিসেরচর, রাজারকুল গ্রাম ঘুরে একই চিত্র দেখা গেছে। রাস্তার পাশে, হাটবাজারে বসে লোকজন সুপারি বিক্রি করছেন।
অনুসন্ধানে জানা গেছে, বুধবার উখিয়ার সোনারপাড়াসহ সাতটি বাজারে অন্তত দেড় কোটি টাকার সুপারি বিক্রি হয়েছে। টেকনাফ উপজেলার সাবরাং, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, মুন্ডারডেইল, আছারবনিয়া, হোয়াইক্যং, বাহারছড়াসহ ৭০টি গ্রামে সুপারি বিক্রি হয়েছে আরও তিন কোটি টাকার।
ঢাকা ও রংপুরের সুপারি ব্যবসায়ী শফিকুল ইসলাম ও নজরুল ইসলাম বলেন, গত সাত দিনে ১৩ জন ব্যবসায়ী টেকনাফের বাজার থেকে ১০৩ ট্রাক সুপারি কিনে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিয়েছেন। আকারে বড় হওয়ায় এই সুপারির কদর ও চাহিদা বেশি।
টেকনাফের দমদমিয়া গ্রামের চাষি আমির হোসেন (৫০) বলেন, গত তিন দিনে তিনি ১২ হাজার সুপারি বিক্রি করে ৩৬ হাজার টাকা পেয়েছেন। কিন্তু কতিপয় ব্যবসায়ী চোরাই পথে মিয়ানমার থেকে সুপারি এনে বাজার সয়লাব করার চক্রান্ত করছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু, চকরিয়া, পেকুয়াসহ আট উপজেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সুপারির আবাদ হচ্ছে। উৎপাদিত সুপারি ১৫ সেপ্টেম্বর থেকে বাজারে বিক্রি হচ্ছে। এবার প্রতি হেক্টরে ৪৫ মেট্রিক টন সুপারি পাওয়া যাচ্ছে। গত বছর প্রায় ১৩ হাজার হেক্টরে উৎপাদিত চার লাখ ৫০ হাজার মেট্রিক টন সুপারি বিক্রি করে পাওয়া গেছে প্রায় ৭০০ কোটি টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, এবার বাম্পার উৎপাদনের পাশাপাশি সুপারির দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রি ৮০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।