কক্সবাজারে সৈকত দখল করে ১৬টি কটেজ
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কক্সবাজারের হিমছড়ি এলাকায় পরিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকত দখল করে তৈরি হচ্ছে ‘মেরিন বীচ বিলাস’-এর ১৬টি কটেজ। এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং স্থানীয় ভূমি কার্যালয় থেকে জমির মালিকানাসংক্রান্ত অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক হলেও কটেজগুলোর ক্ষেত্রে এসব মানা হয়নি।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া অবকাঠামো নির্মাণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ওই নোটিশের জবাব এখনো আসেনি। গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পর্যটনকেন্দ্র হিমছড়ির দক্ষিণে মেরিন ড্রাইভ সড়ক-লাগোয়া পশ্চিম পাশে সৈকতের বিশাল বালিয়াড়ি ঘিরে রাখা হয়েছে। ফটকে লাগানো সাইনবোর্ডে লেখা আছে ‘মেরিন বীচ বিলাস’। ভেতরে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা বালু খুঁড়ে এবং মেশিনের মাধ্যমে মাটি সরিয়ে ছোট ছোট ঘর তৈরির কাজ করছেন। ঘরগুলোর মাঝখানে তৈরি করা হয়েছে পানি রাখার ‘হাউস’। মেশিনের মাধ্যমে ভূগর্ভস্থ মিঠা পানি তুলে অবকাঠামো নির্মাণের কাজ চলছে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিচয়দানকারী মুন্না নামের এক যুবক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সৈকতের আড়াই একর জমি কিনে সেখানে ১৬টি কটেজ তৈরি করা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন। অনুমতি ছাড়া সমুদ্রসৈকতের জমিতে অবকাঠামো নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে মুন্না এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, ১২ দিন ধরে তাঁরা এখানে কটেজ তৈরি কাজ করছেন। এ ব্যাপারে কেউ তাদের বাধা দেয়নি।অবৈধভাবে কটেজ নির্মাণের কারণ জানতে চাইলে মেরিন বীচ বিলাসের পরিচালক আবু শোয়েব গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, পরিবেশ ছাড়পত্রের জন্য বহু আগে দরখাস্ত করা হয়েছিল। আর নকশা অনুমোদনের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে দু-এক দিনের মধ্যেই আবেদন করা হবে। জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘মেরিন বীচ বিলাস’ নামের কোনো প্রতিষ্ঠানকে অবকাঠামো নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রতিবেশ সংকটাপন্ন সৈকত দখল করে কটেজ নির্মাণের অভিযোগে মেরিন বীচ বিলাস কর্তৃপক্ষকে ১২ দিন আগে এক সপ্তাহ সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু গতকাল বুধবার বিকেল পর্যন্ত ওই নোটিশের জবাব পাওয়া যায়নি। এখন পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে ওই সব স্থাপনা উচ্ছেদের চেষ্টা চলছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, পরিবেশ সংকটাপন্ন সৈকতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। সৈকত এলাকায় অবকাঠামো যেন তৈরি না হয়, সে ব্যাপারে পুলিশের তৎপর থাকার কথা। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় তৈরি করা অবৈধ কটেজ শিগগিরই উচ্ছেদ করা হবে।