প্রতিবেশ সংকটাপন্ন কক্সবাজার সমুদ্রসৈকতের প্রায় ১০০ কিলোমিটারজুড়ে চলছে নিষিদ্ধ শামুক-ঝিনুক আহরণ। এতে ক্ষতি হচ্ছে পরিবেশ-প্রতিবেশের।সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন অনুযায়ী প্রতিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ, বেচা-কেনা ও সরবরাহ নিষিদ্ধ। সরেজমিনে দেখা যায়, জেলার নাজিরারটেক, সমিতিপাড়া, কলাতলী, ইনানী, বাহারছড়া, বড়ডেইল, মনখালী, টেকনাফ, সাবরাং, শাহপরীর দ্বীপসহ বিভিন্ন সৈকত থেকে হাজার হাজার মানুষ শামুক-ঝিনুক আহরণ করছে। উখিয়ার মনখালী গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন (৪৫) বলেন, সকালে জোয়ারের পানিতে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক ভেসে আসে। এই শামুক-ঝিনুক দিয়ে মত্স্য আর পোলট্রি খামারের মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হয়। বাহারছড়ার ঝিনুক ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০) বলেন, প্রতিদিন টেকনাফের প্রায় ৩০ কিলোমিটার সৈকত থেকে আহরণ করা ২০-২৫ মণ শামুক-ঝিনুক কিনে নেন ১০-১২ জন ব্যবসায়ী। তারপর সেগুলো যন্ত্রের মাধ্যমে ভেঙে বস্তা ভরে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ব্যবসায়ীরা প্রতি কেজি শামুক-ঝিনুক ১০-১২ টাকায় কিনলেও ভাঙার পর ৭০-৮০ টাকায় বিক্রি করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর টেকনাফের প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রায় ৮০ টন শামুক-ঝিনুক জব্দ করে। কিন্তু পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি। এর আগে উখিয়ার ছেপটখালী ও ইনানী সৈকত থেকে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ করা হয়। কিন্তু তার পরও আহরণ বন্ধ করা যাচ্ছে না। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, শামুক-ঝিনুক সৈকতের বালুকে শক্ত রাখে। জোয়ারের কবল থেকে শামুক-ঝিনুক উপকূল রক্ষা করে। কিন্তু ব্যাপক হারে শামুক-ঝিনুক আহরণ করায় সৈকতের বালুচরে সৃজিত ঝাউবাগান বিলীন হচ্ছে। তিনি বলেন, গত কয়েক মাসে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত অন্তত ২৫ হাজার ঝাউগাছ উপড়ে পড়ে গেছে। সামুদ্রিক জোয়ার থেকে ৮৪ কিলোমিটারের মেরিন ড্রাইভ সড়ক রক্ষা করা যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হাসিবুর রহমান এবং ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) টেকনাফ প্রকল্প কর্মকর্তা নারায়ণ দাশ বলেন, ভোরে অথবা সকালে শত শত লোক সৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ করে ঝাউবাগানের ভেতরে লুকিয়ে রাখে। তারপর রাতের বেলায় সুযোগ বুঝে সেগুলো গাড়িতে বোঝাই করে পাচার করা হয়। গত কয়েক দিনে তাঁরা পাচারের সময় বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ করেছেন। নেকমের জেলা কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, পোলট্রি ও মত্স্য খামারের মুরগি ও মাছের খাদ্য তৈরির জন্য লোকজন শামুক-ঝিনুক আহরণ করছে। মাছ ও মুরগির বিকল্প খাদ্য তৈরি করা গেলে শামুক-ঝিনুক আহরণ বন্ধ হতো।