কক্সবাজারে সৈকতসংলগ্ন পাহাড় দখলের হিড়িক
কক্সবাজার শহরের সমুদ্র সৈকতসংলগ্ন কলাতলী, আদর্শগ্রামসহ বিভিন্ন এলাকার পাহাড় দখল করে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের হিড়িক পড়েছে। স্বনামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিদিন বেড়া দিয়ে পাহাড় দখল করে নিচ্ছে। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি পাহাড় কাটার মাটি এসে শহরের বাঁকখালী নদীর তলদেশসহ বিভিন্ন নালা ভরাট হয়ে যাচ্ছে।গত রোববার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নামে কতিপয় প্রভাবশালী সমুদ্র সৈকতসংলগ্ন কলাতলী পাহাড়ের বিশাল অংশ দখল করে নেয়। বিকেল পর্যন্ত ২০-৩০ জন শ্রমিক দখল করা জমিতে দুটি টিনের ঘর তৈরি করে তাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। জমি দখলের ওই কার্যক্রম পরিচালনা করেন চকরিয়ার জনৈক হাসিনা বেগম (৪১)।বিকেল পাঁচটায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে তৈরি করা ঘরগুলো গুড়িয়ে দেয়।কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জমি দখলের সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় কেটে অথবা পাহাড়ি জমি দখল করে স্থাপনা তৈরির ক্ষমতা কারও নেই। ইদানীং শহরের বিভিন্ন পাহাড় দখল করে যেভাবে বসতবাড়ি, অবৈধ স্থাপনা তৈরির হিড়িক পড়েছে, তাতে ভবিষ্যতে কক্সবাজারে পাহাড়ের কোনো চিহ্নই থাকবে না।সরেজমিনে দেখা গেছে, স্বনামে-বেনামে বহু প্রতিষ্ঠান ও প্রভাবশালী ব্যক্তি সৈকতসংলগ্ন পাহাড় কেটে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসন প্রকল্প তৈরি করছে। বৈদ্যঘোনা, কলাতলী, লারপাড়া, বাসটার্মিনাল, পাহাড়তলী, বাইপাস সড়ক, জেলা কারাগার এলাকা, সিটি কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে বন বিভাগের অন্তত ৭০০ একর পাহাড় দখল করে ১০ হাজারের বেশি বসতবাড়ি এবং বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এসব এলাকায় পাহাড় দখল করে অন্তত এক লাখ মানুষ ঝুঁকি নিয়ে বাস করছে।নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা জানান, ৫০টির বেশি মামলা করেও পাহাড় থেকে এসব দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না। বহু দখলদার উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে রেখেছে।কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, পাহাড় কাটার ফলে শহরের বাঁকখালী নদীর তলদেশ ভরাট হয়ে বিশাল চর জেগে ওঠায় কয়েক হাজার ট্রলার চলাচল করতে পারছে না। অন্যদিকে পাহাড় কাটার মাটি এসে পৌর শহরের নর্দমাগুলো ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে।পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের উপকূলীয় জলাভূমি সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রভাবশালী ব্যক্তিরা সৈকত দখলের পাশাপাশি সৈকত সংলগ্ন পাহাড়ি জমিগুলোও দখলে নিচ্ছে। এতে পরিবেশ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইদানীং কক্সবাজারে জমি দখল হচ্ছে। কিছু কিছু জমি থেকে দখলদারদের উচ্ছেদও করা হচ্ছে।