কক্সবাজারে হামলায় ছাত্রলীগ কর্মীর কবজি বিচ্ছিন্ন
কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য জসিম উদ্দিনের বাঁ হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। শহরের বড়বাজারে গত বুধবার রাতে এ ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বড়বাজারে পাঁচ-ছয়জনের একটি দল জসিমের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় জসিমের বন্ধু সৈয়দ হোসেনও জখম হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বিকেলে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা কায়সারুল হক, ওসমান সরওয়ার আলম চৌধুরী, মির্জা ওবায়েদ প্রমুখ। বক্তরা দাবি করেন, সন্ত্রাসীরা জসিমকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। সদর মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফারুক আহমদ (২২) ও মো. ইয়াছিন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।